নোয়াখালীর সুবর্ণচরে দুই শিক্ষার্থীকে চোর সন্দেহে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এতে তারা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্যাতনকারী জসিম উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএসএম ইবনুল হাসান ইভেন এ তথ্য জানিয়েছেন।
আহত দুই শিক্ষার্থীর নাম শ্রাবণ দাস ও প্রান্ত দাস। উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাদেরকে শিক্ষক ও ছাত্ররা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ আহমদ জানান, সকাল ১০টায় চার শিক্ষার্থী খাসের হাট বাজারের বিলাস টাওয়ারে অবস্থিত এক্সিম ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যায়। ওই টাওয়ারের চারতলা ভবনের ছাদে ভবন মালিক জসীম উদ্দিনের কবুতরের খামার রয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ শেষে শিক্ষার্থীরা কৌতূহলবশত ওই খামার দেখতে যায়। এ সময় খামার মালিক শ্রাবণ ও প্রান্তকে ধরে এনে কবুতর চোর সন্দেহে বেঁধে মারধর করে গুরুতর আহত করে। কৌশলে অপর দুই শিক্ষার্থী পালিয়ে গিয়ে ঘটনাটি শিক্ষক ও স্কুলের অন্য শিক্ষার্থীদের জানায়।
তিনি আরও জানান, খবর শুনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ বিলাস টাওয়ার অবরোধ করে। এতে তাদের সঙ্গে স্থানীয় লোকজনও অবরোধে অংশ নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার, ভূমি) ও চর জব্বার থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা ঘটনাস্থলে গিয়ে অবরোধ থেকে উদ্ধার করে জসিমকে থানায় নিয়ে আসেন। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।







