সাতক্ষীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ছাদেক হোসেন (১৮) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদেক হোসেন কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। রাস্তায় ইছাকুড় রশিদ প্রফেসরের বাড়ির সামনে পৌঁছালে একটি টমটমকে ওভারটেক করার সময় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।







