কক্সবাজারের উখিয়ায় এনজিও ‘শেড’ এর কার্যালয় থেকে উদ্ধার করা দা-ছুরি স্থানীয় জনগোষ্ঠীদের সহায়তার জন্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আইওএম’র ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ।
আইওএম জানায়, জাতিসংঘের এই সংস্থাটি দুটি স্থানীয় এনজিওকে প্রান্তিক স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজে সহায়তা’র অংশ হিসেবে কিছু গৃহস্থালী সরঞ্জাম দিয়েছিল। এসব সরঞ্জাম শুধু স্থানীয় জনগোষ্ঠির জন্য এবং এগুলো কোনোভাবেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হওয়ায় এটি নিয়ে প্রশাসন, গণমাধ্যম এবং সুশীল সমাজে ভুল বোঝাবুঝি’র সৃষ্টি হয়। বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখেন এবং পর্যাপ্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে জব্দকৃত সরঞ্জাম আবার এনজিওটিকে ফেরত দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উখিয়ার মালভিটা এলাকায় বেসরকারি সংস্থা ‘শেড’-এর কার্যালয়ে অভিযান চালিয়ে দা-ছুরিসহ কয়েক হাজার অস্ত্র উদ্ধার করে প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হয়, রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরবরাহের জন্য এসব মজুদ করে রাখা হয়েছে। জব্দ অস্ত্রের মধ্যে ছিল ১৭শ’ রাম দা, ৪শ’ ছুরি, ১১শ’ হাতুড়ি, ১২শ’ হাত-করাত, ১২শ’ তার কাটার প্লাস, ২২শ’ বেলচা ও রশিসহ আরও বিভিন্ন যন্ত্রপাতি।
গোপন খবরের ভিত্তিতে এগুলো জব্দ করা হয় বলে জানান উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।








