মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাওন বিশ্বাস (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লিমন (২০) নামে আরেকজন আরোহী। নিহত শাওন শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ইবাদত বিশ্বাসের ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাওন ও তার বন্ধু লিমন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় গোয়ালদাহ বাজার থেকে মোটরসাইকেলযোগে সাচিলাপুর বাজারে আসছিলেন। দারিয়াপুর এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শাওনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই তার মৃত্যু হয়। আহত লিমন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।








