কুষ্টিয়ার ভেড়ামারায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অপরাধে ছেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মজনু (৬০)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ এ সাজা প্রদান করেন।
সোহেল মারুফ জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড়ের বাড়ি থেকে নিজের মাকে বের করে দেওয়ার অপরাধে মজনু নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, বিকালে ওই মা তার মেয়ের বাড়ি থেকে ছেলের বাসায় গিয়ে থাকতে চায়। তখন ছেলে তাকে থাকতে না দিয়ে বের করে দেয়। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এছাড়া স্থানীয় ইউপি সদস্যকে পাঠানো হলেও ছেলে তার মাকে থাকতে দিতে অস্বীকার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা প্রদান করা হয়।







