হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রশিদপুর পারকুল পাহাড়ে ফরহাদ মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফরহাদ মিয়াকে হত্যা করা হয়। বনপ্রহরী ফরিদপুরের নগরকান্দা থানার কুড়াইল গ্রামের তাসির উদ্দিন মাতব্বরের ছেলে গিয়াস উদ্দিন ফরহাদ মিয়াকে পারকুল পাহাড়ের ভেতর নিয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে।
ওই দিনই ফরহাদ মিয়ার পিতা আব্দুল কাদির বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ ৭ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপপরিদর্শক সামছুল হক শুধু গিয়াস উদ্দিনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
পরে চিকিৎসকসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক গিয়াস উদ্দীনের বিরুদ্ধে রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক বলেন, ‘এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন সরকারি কর্মচারী নিজেদের অপরাধ ঢাকতে এভাবে সাধারণ লোককে নির্মমভাবে হত্যা করবে, তা মেনে নেওয়া যায় না।’








