বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সোমবার (৭ অক্টোবর) দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়। আবরার হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ৩০ মিনিটের বেশি মহাসড়কে অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে যান।
মহাসড়কে অবস্থান নিয়ে বক্তারা বলেন, ‘আমরা এখন ঘরে ও ঘরের বাইরে কোথাও নিরাপদ নই। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি, গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা পা ভেঙে দেওয়া হয়েছিল। কিছু দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। কিন্তু এর সঙ্গে জড়িতদের কোনও বিচার হয়নি। গতকাল বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সামগ্রিকভাবে দেশে একটি অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
এদিকে একই ঘটনার প্রতিবাদে বিকাল পাঁচটার দিকে ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।








