আবরার ফাহাদ হত্যার ‘সঠিক বিচার’ চান আসামি সকালের বাবাও

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
১১ অক্টোবর ২০১৯, ১৮:১৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:২৩

আবরার ফাহাদ হত্যা মামলার ৫ নম্বর আসামি ইফতি মোশাররফ সকাল (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ‘সঠিক বিচার’ চান বলে জানিয়েছেন মামলার ৫ নম্বর আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন। আবরার ফাহাদ হত্যায় ইফতি মোশাররফ সকালের জড়িত থাকার সংবাদ টেলিভিশনে শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি জানিয়ে ফকির মোশাররফ হোসেন বলেন, “তবে আমি নিজেও আবরার ফাহাদ হত্যার সঠিক বিচার চাই”।

বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত উপ-সমাজকল্যাণ সম্পাদক ইফতি মোশাররফ সকাল রাজবাড়ী সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি গ্রামের ৩৯৫ নম্বর বাড়ির ফকির মোশাররফ হোসেন ও রাবেয়া মোশাররফের ছেলে।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আবরার হত্যা মামলায় ইফতি মোশাররফ সকালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালে ইফতি মোশাররফ সকাল রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ+ পায়। এরপর ভর্তি হয় ঢাকার নটরডেম কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করার পর বুয়েটে ভর্তি হয় ।

পারিবারিক সূত্র আরও জানায়, ইফতি মোশাররফ সকাল দুই ভাইয়ের মধ্যে বড়। ছোট ভাই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দেবে।

পরিবারের দাবি, রাজবাড়ীতে থাকতে কোনও ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত ছিল না সকাল। বুয়েটে ভর্তির পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে সে।

ফকির মোশাররফ হোসেন বলেন, ‘টেলিভিশনে সংবাদ দেখে জানতে পারি, আবরার হত্যায় সকালও জড়িত। কিন্তু কোনোভাবেই তা বিশ্বাস করতে পারিনি। গত কোরবানির ঈদের পর সকাল ক্যাম্পাসে যায়। এরপর আর বাড়িতে আসেনি। রাজবাড়ীতে থাকাকালীন তার মধ্যে উচ্ছৃঙ্খলতার কিছু দেখিনি। কোনও রাজনৈতিক সংগঠন তো দূরের কথা, সে কোনও আড্ডায়ও যেত না। গত তিন মাস আগে সকাল জানায়, ক্যাম্পাসে সে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।’

ইফতি মোশাররফ সকালের ব্যাপারে প্রতিবেশী এম মনিরুজ্জামান, মুন্না, গোলাম মওলাসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, সকাল বাড়িতে থাকাকালীন বেশিরভাগ সময়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। বিতর্ক, গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নিতো। আবরার ফাহাদ হত্যার সঙ্গে সকালের জড়িত থাকার কথা শুনে তারা সবাই  হতবাক হয়েছেন।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষক প্রদ্যুত কুমার দাস বলেন, ‘সকাল যখন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তো, তার মধ্যে কখনও খারাপ কিছু দেখিনি।’

রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রব বিশ্বাস বলেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সকালের জড়িত থাকার খবর জানার পর বিশ্বাস হচ্ছিল না। কারণ, এলাকায় যখন ছিল, সকালকে ভদ্র ছেলে হিসেবে জানতাম।’

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ দাবি করেন, ‘ইফতি মোশাররফ সকাল স্কুল লাইফে ছাত্রশিবির করতো বলে জেনেছি। এ ছাড়া, তার বাবাও বিএনপির রাজনীতি করেন।’

তবে ইফতি মোশাররফ সকালের ছাত্রশিবির করার অভিযোগ অস্বীকার করে তার বাবা ফকির মোশাররফ হোসেন বলেন, ‘একসময় আমি বিএনপির রাজনীতি করতাম’।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ইফতি মোশাররফ সকালের নামে রাজবাড়ী সদর থানায় কোনও মামলা বা অভিযোগ নেই। তবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার সংবাদ প্রকাশের পর সকালকে ধিক্কার দিচ্ছেন জেলাবাসী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের