মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, কাউন্সিলর মিজানকে গত সোমবার ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠান। আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোর রাতে শ্রীমঙ্গলের গুহ রোডে একটি বাসা থেকে অস্ত্রসহ হাবিবুর রহমান মিজানকে আটক করা হয়। ক্যাসিনো কারবারে জড়িত থাকা ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। র্যাব-২ ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা মিজানের কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করেন। পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরেকটি মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে সাত দিনের রিমান্ড শেষে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে উপস্থিত করে কারাগারে পাঠানো হলো।
আটকের পর মিজানকে সঙ্গে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়।
আরও পড়ুন-
কাউন্সিলর মিজানের বিরুদ্ধে ঢাকায় ও শ্রীমঙ্গলে মামলা
অবৈধ অর্থে বিদেশেও সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন কাউন্সিলর মিজান
বিদেশে পালিয়ে যেতে ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা তোলেন মিজান: র্যাব
কাউন্সিলর মিজানের বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার (ভিডিও)







