হেফজখানার দুই ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পাঁচলাইশ থানা পুলিশ তাদের আটক করে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া এই তথ্য জানিয়েছেন।
আটকরা হলো- মাদরাসাতুল মদিনা হেফজখানার শিক্ষক আশরাফুল ইসলাম, মোহাম্মদ আবু রিদওয়ান এবং ওই মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান।
আবুল কাশেম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১১ বছর বয়সী ওই দুই ছাত্রকে মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান ভয় দেখিয়ে চলতি সপ্তাহে একাধিকবার যৌন নির্যাতন করে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই শিশু তাদের অভিভাবককে বিষয়টি জানায়। এক ছাত্রের বাবা মাদ্রাসার হুজুরকে এ বিষয়ে অভিযোগ করলে হুজুর বাবুর্চির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিষয়টি অভিভাবকের কাছে জানানোর দায়ে দুই ছাত্রকে মারধর করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এক ছাত্রের বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ মাদ্রাসায় গিয়ে বাবুর্চিসহ দুই শিক্ষকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে দুই শিক্ষক বিষয়টি স্বীকার করেছেন। বাইরে যেন জানাজানি না হয়, সেজন্য তারা বিষয়টি ধামচাপা দেওয়ার চেষ্টা করেন। আটক তিনজনকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। একই দিন আদালতে দুই শিশুকে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।’








