বৃষ্টি উপেক্ষা করে ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার (২৬ অক্টোবর) বেলা দেড়টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে মানুষের ঢল নেমেছে। বেলা ২টায় মাঠ কানায় কানায় পূরণ হয়ে যায়। বেলা ৩টায় সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি বিশাল বহর সেখানে উপস্থিত হয়েছেন। এখন ব্ক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
ইতোমধ্যে বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন। বৈরী আবহাওয়ায় খোলা আকাশের নিচে বক্তব্য শুনছেন সম্মেলনে আগতরা।সম্মেলনের প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমবেতরা। সাত বছর আগে এই মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল।
সম্মেলন মাঠের পূর্বপাশে কলেজের আগের প্রশাসনিক ভবনের (লাল বিল্ডিং) সামনে নির্মাণ করা হয়েছে মঞ্চটি। পদ্মাসেতুর আদলে মঞ্চের নিচে একটি ট্রেনের প্রতিকৃতিও রয়েছে। উন্মুক্ত মাঠ সাজানো হয়েছে রঙ-বেরঙের বেলুন দিয়ে।
দলীয় সূত্র জানায়, ‘উন্নয়নের মহাসড়কে দেশ’ স্লোগান নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপরিচালনা করছে। অনেক উন্নয়নের পাশাপাশি চলমান মেগা প্রকল্প পদ্মাসেতু। এটি নির্মাণ শুরুর সময় অর্থনৈতিকভাবে বাধার মুখে পড়েও থেমে থাকেনি কাজ। এগিয়ে চলছে পুরোদমে। নেতাকর্মীদের মধ্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে পদ্মাসেতুর আদলে তৈরি করা হয়েছে এই মঞ্চ। এছাড়া নেতাকর্মীদের প্রবেশে পাইলট উচ্চ বিদ্যালয় ফটক ছাড়াও মাঠের মাঝখানে প্রবেশপথ তৈরি করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান। পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।








