জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে সবসময় নিবেদিত। তিনি দিনরাত মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশের প্রতিটি নাগরিককে নিয়ে ভাবেন। তাদের ভালো রাখার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিচ্ছেন।’ শুক্রবার (১ নভেম্বর) সকালে ঝিনাইদহ যুব ভবনে যুবদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। দিন দিন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আজ প্রায় ৬৪ ভাগ মানুষ যুবক। উন্নয়নের সম্ভাবনাময় এ দেশের যুবক-যুবতিরা পারবে দেশকে আরও এগিয়ে নিতে। এজন্য প্রয়োজন প্রশিক্ষিত যুবক-যুবতিদের তথ্য প্রযুক্তির ব্যবহার। যুবক-যুবতিদের সঠিক পথে পরিচালনার জন্য তাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে। অভিভাবকরাই পারেন তাদের সন্তানদের ভালো কাজের দিকে ধাবিত করতে।’
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








