গোপালগঞ্জ জেলা শহরের কোর্ট এলাকায় আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। প্রতি কেজি ৪৫ টাকা কেজি দরে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি শুরু করেন টিসিবির ডিলার দীপক সাহা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হই হুল্লোড় পড়ে যায়। কার আগে কে নেবেন এর জন্য শুরু হয় হুড়োহুড়ি। বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যান ডিলার।
ডিলার দীপক সাহা জানান, ‘আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার এই দুই দিনের জন্য আমাকে দুই হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়। প্রতিজনকে এক কেজি করে ৪৫ টাকা দরে বিতরণের কথা রয়েছে। কিন্তু চাহিদার তুলনায় এটা কম। লোকজনকে সামাল দেওয়াই কষ্টকর হয়ে যায়। পরে ৫/৬ বস্তা পেঁয়াজ থাকার পরও ভিড়ের চাপ সামলাতে না পেরে চলে আসতে বাধ্য হই।’
শহরের বাসিন্দা ইলিয়াস মোল্লা, সজিব বিশ্বাস ও রইচ মোল্লা জানান, অনেক কষ্টে এক কেজি পেঁয়াজ কিনতে পেরেছেন তারা। অনেকটা যুদ্ধ করেই তাদের পেঁয়াজ কিনতে হয়েছে।








