ফেনী কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে শহরের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক কাজী মহি উদ্দি দিদার (৪৯), আশরাফ উল্লাহ রাসেল (৪৮), জসিম উদ্দিন (৪৯) ও আনোয়ার হোসেন (৪৮)।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুর রহমান পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নিজাম উদ্দিন বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, রবিবার দুপুরে আসামিরা ভিয়েতনামের পাসপোর্ট তৈরিতে ফিঙ্গার প্রিন্ট দিতে চাপ দেয়। তাতে রাজি না হওয়ায় তারা অফিসে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। তাৎক্ষণিকভাবে অফিসের লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।








