লালমনিরহাটের সদরের মহেন্দ্রনগর ইউনিয়নে রাস্তার গাছ কাটার অভিযোগে মামলায় গ্রেফতার যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আওয়ামী যুবলীগ নেতার নাম বাদশা মিয়া। তিনি মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের গবাই এলাকার আকবর মন্ডলের ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি) সংঘটিত এই ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার রায় বাদী হয়ে মামলা করেন। সরকারি সম্পদ চুরির অভিযোগে এজাহার নামীয় দুজনসহ অজ্ঞাতনামা আরও আট-দশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তিনি। এই মামলায় বাদশা মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে।
ওসি বলেন, ‘মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কের সরকারি গাছ কাটার বিষয়টি নিয়ে ৯৯৯-এ স্থানীয় লোকজন অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার এসআই কাজলের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে বাদশা মিয়াকে পাঁচটি গাছসহ হাতেনাতে আটক করেন।’
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর বলেন, ‘বাদশা মিয়ার বিষয়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।’








