কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর একটি আইডি কার্ড উদ্ধার করেছেন।
নিহতরা হলেন- টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর সি ব্লকের বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মো. ইসমাইল (২৮) ও এই ক্যাম্পের আবু ছৈয়দের ছেলে মো. হেলাল উদ্দিন (২০)। এ ঘটনায় ইয়াবা কারবারিদের গুলিতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে কিছু ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদে পালংখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে দেন। পওে পাঁচ-ছয় জনের একটি ইয়াবা সিন্ডিকেট মিয়ানমার থেকে ফারির বিল এলাকা দিয়ে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষ মিলে প্রায় ১০/১৫ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, দুপুরে নিহত দুই রোহিঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষে থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








