কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ প্রায় এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৭ ব্যাটালিয়ন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাটালিয়নের অভ্যন্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত বছরের ১৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় ফেনসিডিল ছয় হাজার ৮৯০ বোতল, ভারতীয় বিভিন্ন প্রকার মদ ছয় হাজার ৮৭১ বোতল, গাঁজা ৪০০ কেজি, পাতার বিড়ি-৪৯ হাজার চার প্যাকেট, বিভিন্ন প্রকার বিষ ৩৭ বোতল, বিভিন্ন প্রকার ট্যাবলেট ১৯ হাজার ৮২০ পিস, ইয়াবা ৪৬ পিস। এগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা। এছাড়াও ১৯ বোতল মদ, ৪৬৫ বোতল ফেন্সিডিল, ১৯.৪৫ কেজি গাঁজা, দুই হাজার ১৪৪ পিস ইয়াবা এবং এক হাজার ৬৭০ প্যাকেট পাতার বিড়ি এবং ২২ জন আসামি পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। বিজিবি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।








