ডিবি পুলিশ, পুলিশের এসপি, ডিআইজি এবং সচিব পরিচয়ে প্রতারণাকারী দলের প্রধানসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে দিনাজপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃতরা হলো, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পূর্ব দলিরাম গ্রামের নুর আলম ওরফে রিপন, উপশহরের ২ নম্বর ব্লকের একটি বাসার ভাড়াটিয়া ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার মাধবপুর গ্রামের সুব্রত বিহারী রায় ওরফে শুভ আহম্মেদের স্ত্রী শাকিলা আক্তার বন্যা ওরফে কাজলী, দিনাজপুর শহরের সুইহারী মহল্লার মনসুর আলীর ছেলে শাহিন পারভেজ, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মাধবপুর গ্রামের মৃত বিপিন বিহারী রায়ের ছেলে সুব্রত বিহারী রায় ওরফে শুভ আহম্মেদ, দিনাজপুর শহরের গোলাপবাগ রামনগর মহল্লার মালেকের মেয়ে রুনা বেগম ওরফে চাঁদনী এবং পীরজাবাদ সরকারপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী আনজুমান আকতার ওরফে শিউলী। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) তাদের দিনাজপুর শহরের সুইহারী এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নানা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। জনৈক আরশী আক্তারকে রংপুর ডিআইজি অফিসে চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা বলা হয়। সোমবার রাতে সুইহারীতে প্রতারক শাহিন পারভেজের বাড়িতে আরশী আক্তারকে রংপুর ডিআইজি অফিসে চাকরি না দিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরির ভুয়া নিয়োপত্র দেওয়ার সময় গ্রেফতার করা হয় তাদের।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, এই প্রতারক চক্রের সঙ্গে কতিপয় সরকারি কর্মকর্তা জড়িত। তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।








