নোয়াখালী জেলা আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ও সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চুন্নু রবিবার সকাল ১১টা ১৫ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সবার কাছে চুন্নু ভাই নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোফাজ্জল হোসেন চুন্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে মরহুম মোফাজ্জল হোসেন চুন্নুর আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন।
সোমবার সকাল ১০টায় সোনাপুর কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।







