ঠাকুরগাঁওয়ের সত্যপীর ব্রিজ এলাকায় ডিসি পার্ক (২ নং গেট) সংলগ্ন জঙ্গলের গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নুপুর গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে গর্তের মাটি সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নুপুর (৮) পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস ধরে ফকিড়পাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া থাকছেন তারা। হারুনুর রশিদ পেশায় রিকশাচালক। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নুপুর। এরপর বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাতে স্থানীয়রা ডিসি পার্কের পাশে শিশুটির মরদেহটি একটি গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘কী কারণে এই শিশুটিকে হত্যা করা হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তবে তদন্ত চলেছে। তদন্ত শেষে বলা যাবে হত্যাকাণ্ডের আসল রহস্য। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’








