কুমিল্লার নগরীর রাজগঞ্জ বাজার নববর্ষকে ঘিরে বসা ঐতিহ্যবাহী মাছের মেলা এবং বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। এছাড়া নববর্ষ উপলেক্ষে এই বাজারে অনুষ্ঠিতব্য দেশের বৃহৎ মাছের মেলাও স্থগিত করা হয়েছে। এই সময়ে কোনও প্রকার বাজার কিংবা মাছের মেলা বসালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
রাজগঞ্জ বাজারের ইজারাদার জয়নাল আবেদীন জানায়, রাজগঞ্জ বাজারে প্রতিবছর বাংলা নববর্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতারা আসে। তবে এবছর করোনাভাইরাস প্রতিরোধে মাছের মেলায় জনসমাগম বন্ধে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সিটি কর্পোরেশন।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের নির্দেশে ১৫ তারিখ সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বাস্তবায়নের জন্য সব দোকানদারকে জানানো হয়েছে। বিশেষ করে মাছের আড়ত ও যারা মেলা বসাবে তাদের আমরা বার বার সতর্ক করেছি যেন কোনও প্রকার দোকান না বসে।








