সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর উপজেলার আরও ৩টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা সোমবার (২০ এপ্রিল) এ ঘোষণা দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন লকডাউন ঘোষণা করা ইউনিয়নগুলো হলো খুকনী, জালালপুর ও বেলতৈল।
এরআগে, কৈজুরী, হাবিবুল্লাহ নগর, গালা ও পোর্জনা নামে আরও চারটি ইউনিয়ন লকডাউন করা হয়। এদিকে, করোনা আক্রান্ত রোগীর সন্ধানে বেলকুচি উপজেলা প্রশাসন দৌলতপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর, ভাঙ্গাবাড়ি, গোপরেখী, মাধবপুর ও চরকাদহসহ পাঁচটি গ্রাম লকডাউন করে বলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস জানান।
অন্যদিকে, বেলকুচির পৌর চেয়ারম্যান আশানুর বিশ্বাস জানান, করোনা আক্রান্ত বয়স্ক রোগীটি চট্টগ্রামে নাইটগার্ডের চাকরি করতেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত চারদিন আগে চট্টগ্রাম থেকে তিনি বেলকুচি পালিয়ে আসেন। বেলকুচির এনায়েতপুরে নিজ বাড়িতে উঠতে না পেয়ে গোপরেখী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। সিভিল সার্জন অফিসের মাধ্যমে তার নমুনা রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রামেক থেকে রবিবার রাতে তার ফলাফল পজিটিভ আসে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৩৬ জনসহ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছে দুই হাজার ১২৭ জন। উপসর্গ না থাকায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনসহ এ পর্যন্ত ৭৯২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম।








