ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ নার্স ও কর্মচারী মিলে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার(২১ এপ্রিল) পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ নার্স ও কর্মচারী মিলে ১৪ জন, জেলার ফুলবাড়িয়ার একজন, নেত্রকোনা জেলার চার জন এবং জামালপুরের একজন ব্যক্তির নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ, ওয়ান স্টপ সার্ভিস ও গাইনি ওয়ার্ডের চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, তথ্য গোপন করে হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাইসিস, আইসিইউতে করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নেওয়ায় চিকিৎসক, নার্স ও অন্য কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসা সেবা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সাপোর্টিং কর্মচারীরাই বেশি ঝুঁকিতে আছেন বলে জানান তিনি।








