করোনা পরিস্থিতিতেও কৃষকের ধান কাটতে যাতে কোনও সমস্যা না হয়, সরকার সেলক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের হাওরে আসতে কোথাও যেন কেউ বাধা না দেয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার দেশের এই করোনা পরিস্থিতির মধ্যেও খাদ্যের যোগান ঠিক রাখার জন্য হাওরের ফসল ঘরে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। যে কারণে ফসল কাটার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব শ্রমিক ভাইয়েরা হাওরে আসতেন, তাদের সামাজিক দূরত্ব মেনে হাওরে আসার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলে ধানকাটা পরিদর্শনের পর জেলা সার্কিট হাউজে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ’দেশে খাদ্য উৎপাদন আমাদের যেটা আছে সেটা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ করোনা পরিস্থিতি বিবেচনা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে খাদ্য সংকট দেখা দিতে পারে। এর ফলে সারা বিশ্বে মহামারী-দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে যেন বাংলাদেশ খাদ্য সহায়তা করতে পারে এই মনোভাব নিয়ে সরকার কৃষি উৎপাদনে কাজ করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘হাওরের ফসল যাতে কৃষক নির্বিঘ্নে ঘরে তুলতে পারে তার জন্য কাজ করছে সরকার। প্রকৃতিতে যদি চরম বির্পযয় দেখা না দেয়, তাহলে এই ধান কৃষক কাটতে পারবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার এ বছর ৭০/৭৫ শতাংশ ভর্তুকি দিয়ে ধান কাটার মেশিন কৃষকদের দিয়েছে। এ বছর ফসল ভালো হয়েছে। সরকারের পক্ষ থেকে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য লটারির মাধ্যমে তাদের কাছ থেকে ধান কেনা হবে। বর্তমানে মাঠ থেকেই কৃষকরা ভালো দামে বিক্রি করছেন।’
তিনি জানান, সরকার আট লাখ মেট্রিক টন ধান কিনবে। সেটি নেত্রকোনায় শুরু হবে। সে সময় এর প্রভাব পড়বে বাজারে। কৃষক এর সুফল পাবেন।
এসময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু,নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার,নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক মইনউল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার আকবর আলী মুন্সি,জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান,নেত্রকোনা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমানসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








