করোনা পরিস্থিতিতে মাঠের পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছে না কৃষক। এ অবস্থায় মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা থেকে তারা ধান কাটা শুরু করেন। আড়িয়াল বিলের দুটি স্থানে তারা কৃষকের জমির ধান কেটে দেন।
ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সহ-সভাপতি সোহেল। এছাড়া কেন্দ্রীয় অন্য নেতাকর্মীরা ছাড়াও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, টংগিবাড়ী ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কৃষকের ধান কেটে দেন।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ধান কাটা কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ধান কাটা ডিনয়ে বিপাকে পড়েছে কৃষক। অনেকস্থানে দ্রুততম সময়ে ধান উঠাতে না পারলে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কৃষকের গোলায় ধান ওঠাতে সহায়তার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধান কাটায় সহায়তার হাত বাড়িয়ে দেন।







