ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী ওরফে সেলিম চৌধুরী মারা গেছেন (ইন্না... রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার সাতগাঁও বাড়ির সামনে স্বল্প পরিসরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সাতগাঁও পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।








