করোনার কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিনা পারিশ্রমিকে রাঙামাটির লংগদুতে কৃষকের ধান কেটে দিচ্ছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা ছাত্রলীগের ২০-২৫ সদস্যদের একটি টিম আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামের কৃষক আলী আকবরের ধান কেটে দেয়।
লংগদু উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন এর নেতৃত্বে আরও ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (অপু), আটারকছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিব, আটারকছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কাঞ্চন বড়ুয়াসহ আরও অনেক নেতাকর্মী।
কৃষক আলী আকবর জানান, জমিতে ধান পেকে গেছে। কিন্তু শ্রমিক না পাওয়া ধান কেটে ঘরে নিতে পারছিলাম না। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজনকে জানালে তারা ও উপজেলা ছাত্রলীগের ভাইয়েরা মিলে আমার প্রায় দুই একর জমির ধান কেটে দিতে সাহায্য করেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, 'দেশের যে কোনও দুর্যোগে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। যতদিন এই মহামারি থাকবে, ততদিন ছাত্রলীগ মাঠে থাকবে।'








