সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘মন্ত্রী বা এমপি যতো প্রভাবশালী ব্যক্তি হোক না কেন- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনও ছাড় নেই।’
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন,নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মনিটরিং টিম করে দেখাশুনা করছেন। এ ব্যাপারে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করলে কারও রেহাই নেই।
মন্ত্রী আরও বলেন, ‘চারলেন প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষ পর্যায়ে। ১৯২ কিলোমিটারের মধ্যে এই পর্যন্ত ১৭৫ কিলোমিটারের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ হবে। আশা করি নতুন বছরের শুরুতে জাতিকে প্রস্তুত ফোরলেন উপহার দিতে পারবো।’
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান,একই প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর,সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিব্বিসহ সড়ক ও জনপথ,হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/জেবি/এফএস/








