এক সময় চরমপন্থী হিসেবে সক্রিয় থাকলেও পরে আত্মসমর্পণকারী ২৩ ব্যক্তিকে স্বাভাবিক জীবন যাপনে উৎসাহিত ও সহযোগিতা করতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই অনুদান তাদের হাতে তুলে দেওয়া হয়।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, এনএসআই রাজশাহী বিভাগীয় প্রধান জহির উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসনে।
আত্মসমর্পণকারী প্রত্যককে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে দেশের গঠনমূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান অতিথিরা।








