করোনা উদ্ভূত পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই ধাপে কিশোরগঞ্জ থেকে ২৪ বন্দি মুক্তি পেয়েছেন।
রবিবার (৩ মে) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেল সুপার মো. বজলুর রশীদ।
তিনি জানান, এর আগে ছয় সদস্যের একটি কমিটির মাধ্যমে ৩১৫ জন কারাবন্দির নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে করোনার কারণে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ থেকে বিশেষ ক্ষমায় দুই ধাপে ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ধাপে গত শনিবার পাঁচজন আসামির সাজা মওকুফের নির্দেশনা আসার পর সেদিনই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এরপর রবিবার সন্ধ্যায় দ্বিতীয় ধাপে আরও ১৯ জনের সাজা মওকুফের আদেশ আসে। রবিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন ময়মনসিংহ কারাগারের আসামি ছিল।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত এই বন্দিদের মুক্তির আদেশ দেয়। এজন্য পাঠানো আদেশে উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ এক বছর পর্যন্ত লঘুদণ্ডে দণ্ডিত সাজাভোগরত কয়েদিদের মুক্তি প্রদানের লক্ষে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার তাদের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছে।







