বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে ঈমান মল্লিক (১৩) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আকস্মিক ঝড়ে তাদের বসতঘরের ওপর গাছ ভেঙে পড়লে সে নিহত হয়। নিহত ঈমান মল্লিক হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে এবং হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার রাতে হঠাৎ ঝড় শুরু হলে চিতলমারীর হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের ওপরে একটি চম্বল গাছ পড়ে। এসময় তার ছেলে ঈমান মল্লিক ওই গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঝড়ে ওই এলাকার আরও কয়েকটি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।








