সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকা পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিনটি সোমবার (১১ মে) ব্যবহারের জন্য বের করা হয়েছে। শিগগিরই এটি ব্যবহারের জন্য উপযুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি ল্যাবে দক্ষ/অভিজ্ঞ জনবলের অভাব রয়েছে বলে জানা গেছে।
দেড় কোটি টাকা ব্যয়ে কলেজ প্রকল্পের ফান্ড থেকে মেশিনটি কেনা হয়। তবে নতুন ভবন এবং আধুনিক ও মানমম্মত পরীক্ষাগার না থাকা ও জনবল সংকটের কথা বলে গত সাড়ে ১০ মাস মেশিনটি প্যাকেটবন্দি অবস্থায় ফেলে রাখা হয়। দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকা পিসিআর মেশিন নিয়ে বাংলাট্রিবিউন/ঢাকাট্রিবিউনসহ বেশ ক’টি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজে সোমবার কলেজের মাইক্রোবায়োলজি পরীক্ষাগারে এসে প্যাকেটবন্দি পিসিআর মেশিনটি ব্যবহারের উদ্যোগ নেন।
এ সময় কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম ও প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল, গণপূর্তের এসডি এস.এম. রেজাসহ অন্যান্য শিক্ষক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন। করোনা পরীক্ষায় জনবলের ঘাটতির পাশাপাশি টেস্ট কিট, রিএজেন্ট বা বিকারক ও বিএসএল-২ মেশিনসহ টেকনিশিয়ানদের প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় উপস্থিত শিক্ষকগণ সংসদ সদস্যের কাছে মেশিনটির ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ সময়, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ড. নাসিমা সুলতানাসহ আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে আলোচনা করেন সংসদ সদস্য মিল্লাত। পরে শনিবার থেকে পিসিআর মেশিনটি চালুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজগঞ্জ-১ (সদর ও কাজিপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মেশিনটি চালু করা খুবই জরুরি। এটি চালু করার জন্য আমি নিজেও ডিজিকে বলেছি। আগামী সপ্তাহে সিরাজগঞ্জ এসে নিজেই এটি চালুর উদ্যোগ নেবো।’
তবে কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম বলেন, মেশিন চালু করা হলেও এটি চালাতে প্রশিক্ষণ পাওয়া উপযুক্ত জনবল নেই। এছাড়া টেস্ট কিট, বিকারক ও নিরাপত্তা সামগ্রীও জরুরি ভিত্তিতে দরকার হবে।
প্রকল্প পরিচালক কৃষ্ণ কুমার পাল বলেন, ‘সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেশিন চালুর প্রশিক্ষণ দিলেও প্রাথমিকভাবে নমুনা পরীক্ষার জন্য তারা কোনও ধরনের প্রশিক্ষণ বা কিট সরবরাহ করতে রাজি হননি। তারপরেও এমপি সাহেব তাদের সঙ্গে আলোচনা করতে বলেছেন।’
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিকিৎসক/টেকনিশিয়ানদের প্রশিক্ষণসহ প্রাথমিক টেস্ট কিট সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান থেকেই বর্তমানে এ ধরনের সুবিধা দেওয়া হচ্ছে।








