করোনা আক্রান্ত হওয়ার তথ্য জেনে গাজীপুর থেকে পালিয়ে টাঙ্গাইলের নাগরপুরে গ্রামের বাড়িতে চলে এসেছেন এক পোশাক শ্রমিক। এ ঘটনায় সোমবার (১১ মে) আক্রান্ত ওই পোশাকশ্রমিকের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলী গ্রামে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, ‘পোশাক কারখানায় কর্মরত অবস্থায় ওই ব্যক্তির জ্বর-সর্দি দেখা দিলে ৬ মে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নমুনা দেন। পরেরদিন তাকে ওই হাসপাতাল থেকে করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। সুজন নিজের করোনা পজিটিভের কথা জেনে সেখান থেকেই পালিয়ে বাড়ি চলে আসেন।’
তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে সোমবার বিকালে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। তার কোনও উপসর্গ না থাকায় বাড়িতে রাখা হয়েছে। নিয়মিত তার খোঁজ রাখা হচ্ছে বলে জানান তিনি।








