হাসপাতালে ভর্তি হতে না পেরে জামশেদ হায়দার নামে এক ব্যাংক কর্মকর্তা গাড়িতেই মারা গেলেন। সোমবার (১১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীতে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে জামশেদ হায়দারকে সোমবার সাড়ে ১১টার দিকে নগরীর ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করাতে অস্বীকৃতি জানালে বিআইটিআইডি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যুবরণ করেন ওই ব্যাংক কর্মকর্তা।
জামশেদ হায়দার চৌধুরী এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখায় অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে কর্মরত ছিলেন।
জামশেদ হায়দারের ভাই জিয়া হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে ভাইয়াকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে চিকিৎসার জন্য নিয়ে যাই। কিন্তু সেখানে ডাক্তাররা তাকে ভর্তি নেয়নি। করোনা টেস্ট করাতে চেয়েছি। এতেও তারা রাজি হয়নি। পরে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি গাড়িতেই মারা যান।’
এ সম্পর্কে বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই রোগীর শ্বাসকষ্ট থাকলেও জ্বর ছিল না। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। হার্টের রোগী হওয়ায় চিকিৎসকরা তাকে এখানে না রেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠিয়ে দেন।’








