কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স ও এক কর্মচারীসহ জেলায় আরও ৯ জন করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের গাড়িচালকও রয়েছেন। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার (১৬ মে) প্রাপ্ত প্রতিবেদনে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, অপর এক চিকিৎসকের ছোটভাইসহ উপজেলায় তিনজন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের একজন নার্স ও এক কর্মচারী করোনা পজিটিভ হয়েছেন। এছাড়াও জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে আশি বছরের এক বৃদ্ধাসহ দুই নারী, এক শিশু ও এক পুরুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ এ দাঁড়ালো।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার এসব তথ্য নিশ্চিত করে জানান, এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের গাড়িচালক করোনা পজেটিভ হয়েছেন। সম্প্রতি ওই গাড়িচালক ইউএনওর গাড়ি চালানোয় ইউএনওকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডা. শামসুন্নাহার বলেন, ‘আক্রান্ত চিকিৎসকের কিছু উপসর্গ রয়েছে। তবে অপর দুইজন কোনও উপসর্গ ছাড়া সুস্থ রয়েছেন।’ তাদেরকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসা কর্মকর্তা।
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালের এক নার্সসহ আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা কোনও উপসর্গ ছাড়া সুস্থ রয়েছেন।’








