জামালপুরে কৃষককে ক্ষতির হাত থেকে বাঁচাতে তার সাত একর জমির মিষ্টিকুমড়া ন্যায্য মূল্যে কিনে দুস্থদের মাঝে বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার (১৭ মে ) বিকালে শহরের সিংহজানী খাদ্য গুদামে এই ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।
জেলা পরিষদ চেয়ারম্যান জানান, ইতোমধ্যে এক লাখ পরিবারকে খাদ্য সহায়তা এবং নগদ ৬৮ লাখ টাকা বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় কৃষকের কাছ থেকে মিষ্টিকুমড়া কিনে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। করোনার এই ক্রান্তিকালে শাহবাজপুরের কৃষক হাফেজ মো. হুমায়ুন কবির পরিবহন সংকটের কারণে তার ক্ষেতের মিষ্টিকুমড়া বিক্রি করতে সমস্যায় পড়েছিলেন।
কৃষক হাফেজ মো. হুমায়ূন কবির জানান, পরিবহন সংকটের কারণে জমির মিষ্টিকুমড়া বিক্রি করতে পারছিলেন না তিনি। এতে অনেক টাকা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলেন তিনি। পরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা আওয়ামী লীগ তার ফসল ন্যায্য মূল্যে কিনে নেয়। এতে ক্ষতির হাত থেকে বেঁচে যান তিনি। তাকে সাহায্য করার জন্য জেলা আওয়ামী লীগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান তিনি।








