বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ১৯ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার গভীররাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম এ তথ্য জানান।
ফেরত আসাদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ১৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। পরে রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, আটক ব্যক্তিদের নামে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
/আরএ/








