ফেনীতে নতুন করে আরও ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৫ জন পুলিশ সদস্য। এছাড়াও ছাগলনাইয়ায় কর্মরত এসিল্যান্ডও করোনায় আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের মোট সংখ্যা ৫শ’৬৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে ১৪৪ জনের প্রতিবেদন আসে।
জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নতুন করে সংক্রমিতদের মধ্যে সদরে ২৫, সোনাগাজীতে ১৩, দাগনভুঞায় ৮, ফুলগাজীতে ২ ও ছাগলনাইয়ায় ১ জন। সদর উপজেলায় ২৫ জনের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য বলে জানা গেছে। ছাগলনাইয়ায় আক্রান্ত ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২১ জন। আর মৃত্যু হয়েছে ১১ জনের। আজ পর্যন্ত ৪ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ পরীক্ষাগারে পাঠানো হলে ২ হাজার ৯শ ৯৯ জনের প্রতিবেদন আসে। হাসপাতালের আইসোলেশনে ১৮ জন এখনও চিকিৎসাধীন।







