জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অদৃশ্য শত্রু করোনা মোকাবিলায় আমাদের নিজেদের সচেতন হওয়ার বিকল্প নেই। সর্বোপরি আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে। করোনা মোকাবিলায় আমাদের নিজেদের স্বাস্থ্যসুরক্ষা নিজেরাই নিশ্চিত করবো। অর্থনৈতিক প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয় সেজন্য আমাদের এই আতঙ্কের মধ্যেই সব কাজকর্ম চালিয়ে যেতে হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এসময় তিনি এসব কথা বলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘মেহেরপুরে প্রথম পর্যায়ে ৮১ হাজার মাস্ক বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে এই মাস্ক তুলে দেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষা আরও বাড়ানোর জন্য আমরা পিসিআর মেশিন জার্মানি থেকে আমদানি করার চেষ্টা করছি। স্বল্পতার কারণে সময় লাগছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা আরও মেশিন নিয়ে আসতে পারবো।‘
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আতাউল গনি সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দিয়ে বিতরণের সূচনা করেন। এ সময় ভার্চুয়াল কনফারেন্সে একযোগে সংযুক্ত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মেহেরপুর ও মুজিবনগরের ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহীন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোকন।







