ভান্ডারিয়ায় মঞ্জুর ‘করোনা থেকে মুক্তির দোয়া’ অনুষ্ঠান, মানা হয়নি স্বাস্থ্যবিধি

পিরোজপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ০১:২৩আপডেট : ১৭ জুলাই ২০২০, ০২:৪৮

পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা থেকে মুক্তির নামে দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। পাশে উপবিষ্ট তার জামাতা নিক্সন চৌধুরী এমপি।

পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার লোকের উপস্থিতিতে করোনা হতে পরিত্রাণে দোয়ার আয়োজন করেছেন জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে জাতীয় পার্টি (জেপি)-র আয়োজনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেন আনোয়ার হোসেন মঞ্জুর বাড়িতে প্রথমবার যাওয়া তার জামাতা ও ফরিদপুর অঞ্চলের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপিও। আর এই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে কয়েক হাজার মানুষ অংশ নেওয়ায় তৈরি হচ্ছে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিমণ্ডলে নিশ্চুপ থাকলেও নিজ এলাকায় করোনা মহামারির ভেতরে হঠাৎ দোয়া মাহফিলের নামে শোডাউন করেন আনোয়ার হোসেন মঞ্জু। এতে কয়েক হাজার লোক অংশ নেয়। এতে আওয়ামী লীগের স্থানীয় নেতারাসহ বিভিন্ন দলের নেতারাও অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেপির স্থানীয় এক নেতা বলেন, এই দোয়া মাহফিলের নামে এক ঢিলে অনেক পাখি মেরেছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। তার দোয়া মাহফিলের নামে এই শোডাউন যত না রাজনৈতিক বা ধর্মীয় আবেগের তারচেয়েও বড় কারণ হচ্ছে এই প্রথম তার জামাতা স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী শ্বশুরালয়ে এসেছেন। মূলত জামাতাকে নিজেদের ঘরবাড়ি দেখানোর পর স্থানীয় লোকজনের সামনে পরিচিত করানোর কাজটা দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন করেছেন তিনি।

জামাইবরণের এই আয়োজনও করা হয় বেশ ঘটা করেই। নিক্সন চৌধুরী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে ও ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করার পর এই প্রথম তার দাদা শ্বশুর ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্মভিটা ভান্ডারিয়ায় আসেন। ফরিদপুর জেলার ৩ জন উপজেলা চেয়ারম্যানসহ ২১ জন ইউপি চেয়ারম্যান নিক্সন চৌধুরীর সফরসঙ্গী ছিলেন। নিক্সন চৌধুরীর সফর উপলক্ষে ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় ভান্ডারিয়ার অলিগলি। জেপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে রাজাপুর- ভান্ডারিয়া সড়কে ৪১টি তোরণ নির্মাণ করা হয়। করোনাকালে এমন অভিনব জামাইবরণের ঘটনাও ভান্ডারিয়াসহ সারাদেশে আলোচিত হয়।

তবে দোয়া মাহফিলের আয়োজনে অংশ নেওয়া মানুষদের স্বাস্থ্যবিধি না মেনে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানোতেই তৈরি হয়েছে মারাত্মক উদ্বেগ। উপস্থিত জনতার বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। এ কারণে করোনার দোয়া মাহফিলে এসে আবার নতুন করে কেউ আক্রান্ত হয় কিনা এই উদ্বেগ এখন উপজেলার সচেতন মানুষদের মধ্যে।  

অবশ্য স্থানীয় লোকজন কলেমা চত্বরে টানানো প্যান্ডেলের মধ্যে বসে ও দাঁড়িয়ে থাকলেও আনোয়ার হোসেন মঞ্জু, তার জামাইসহ অন্য অতিথি এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা ছিলেন তাদের সামনে একটি ঘরে। সেখানে ব্ক্তব্য রাখার পরে দোয়ায় অংশ নেন তারা। তবে সেখানেও সামাজিক দূরত্ব ছিল না। উপস্থিত লোকজন ও রাজনৈতিক নেতাদের অনেকেই আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাইকে দেখার জন্য সে ঘরে প্রবেশ করেন এবং কাছাকাছি দাঁড়িয়ে কথোপকথন করেন।

ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর আয়োজনে করোনা থেকে মুক্তির দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন। অনেকের মুখে মাস্ক থাকলেও সামাজিক ‍দূরত্ব মোটেও না মেনে সরকারি নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। (সংগৃহীত ছবি)

এই অনুষ্ঠানে  জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন,  ভান্ডারিয়ার উন্নয়নের স্বার্থে আমি এলাকায় কোনও রাজনীতি করি নাই। উন্নয়নের স্বার্থে আমি সবাইকে নিয়ে এগোতে চাই। আমি কাউকে  কখনও আমার দলে যোগদান করতে বলি নাই বা বাধ্য করি নাই। আমি নিখাদ ভাবে ১৮ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। মানুষ আমার কাজের মূল্যায়ন করবে।

ভান্ডারিয়ার এই এমপি  বলেন, এ এলাকায় ৩৬ বছর ধরে উন্নয়ন অব্যাহত রয়েছে। আল্লাহর রহমত যতদিন আছে এ এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।

জেপি’র ভান্ডারিয়া উপজেলার শাখার আহ্বায়ক মনিরুল হক জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর জামাতা মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

নিক্সন তার বক্তব্য বলেন, আনোয়ার হোসেন মঞ্জু শুধু দক্ষিণাঞ্চলের নেতা নন, তিনি দেশের সম্পদ। তার মাথায় চিন্তা শুধু উন্নয়নের। তার বক্তব্যেই তার প্রমাণ মেলে।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেপি’র যুগ্ম আহ্বায়ক মাহিবুল হোসেন মাহিম, জেপি’র সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল প্রমুখ।

উপস্থিত ছিলেন  ভান্ডারিয়া  উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা  জাতীয় যুব সংহতির আহ্বায়ক রেজাউল করিম রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. রাহাত জোমাদ্দার, সাধারণ সম্পাদক জহির উদ্দীন অন্তু ।

ওই দোয়ার অনুষ্ঠানে যাওয়া ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জানান, ‘দোয়া মোনাজাত অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু একটি ঘরের মধ্যে থেকে বক্তব্য দিয়েছেন। বাইরে দেড় থেকে দু হাজার লোক হয়েছে। তবে কাউকে ডেকে আনা হয়নি। অনেকদিন পরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এলাকায় এসেছেন। এ কারণে লোকজন তাকে দেখতেও এসেছেন। বিশেষ করে তার জামাই মজিবুর রহমান চৌধুরৗ নিক্সন প্রথম এসেছেন। এ কারণে তাকে দেখতেও মানুষ এসেছে।

সেখানে উপস্থিত লোকজন স্বাস্থ্যবিধি মেনেছে কিনা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি। শুধু বলছেন, যারা এসেছে স্বেচ্ছায় এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেছেন, মাস্ক পরে গেলে সমস্যা নাই।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের