মিউজিক ভিডিওতে অভিনয় করানোর কথা বলে গাজীপুর কালিয়াকৈর থেকে পঞ্চগড়ে নিয়ে আসা এক নারী মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীকে (৪৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে জেলা যুব মহিলা লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিলুফা ইয়াসমিন নিশ্চিত করেছেন।
জেলা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি মোছা. নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এক নারী মডেলকে গণধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে লাকিকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্তে একমত হন। পরে সংগঠনের প্যাডে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদকর্মীদের জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ১৬ জুলাই আপনার বিরুদ্ধে বোদা থানায় একটি মামলা করা হয়েছে। এজন্য সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, গত ১৫ তারিখ রাতে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকীসহ দুজনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে।
আগের সংবাদ:
মিউজিক ভিডিওর কথা বলে এনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, লীগ নেত্রীসহ গ্রেফতার ২







