খুলনার মশিয়ালী এলাকায় ৪ খুনের ঘটনার অন্যতম প্রধান হোতা হিসেবে অভিযুক্ত শেখ জাফরিনকে শনিবার (১৮ জুলাই) আটক করেছে খুলনার গোয়েন্দা পুলিশ। যশোরের বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
আটক শেখ জাফরিন মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক জাফরিন এ ঘটনার মূল হোতা জাকারিয়ার অন্যতম সহযোগী ও সহোদর। তিনি জানান, এ ঘটনায় মামলা এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, খুলনা মহানগরীর মশিয়ালী এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে নজরুল ইসলাম (৬০) ও গোলাম রসুল (৩০) নামে দুই ব্যক্তি নিহত হন। এসময় গুলিবিদ্ধ হওয়া সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি পরদিন শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় প্রতিপক্ষের গণপিটুনির শিকার হওয়া জিহাদ (৫০) নামের এক ব্যক্তিও খুমেকে মারা যান। বাকি আরও ৮ জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
আরও পড়ুন:








