কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে একটি হাইফ্লো অক্সিজেন ক্যানুলা মেশিন দিয়েছেন সম্প্রতি বহুল আলোচিত আমেরিকা প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। বুধবার (২২ জুলাই) কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের কাছে মেশিনটি হস্তান্তর করা হয়।
হাইফ্লো অক্সিজেন ক্যানুলা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য জালাল উদ্দিন আহমেদ, কুমিল্লা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রেজবি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেবব্রত চক্রবর্তী দ্বীপ, কামরুল হাসান ও সাজেদুল হক।
উল্লেখ্য, বাংলাদেশের মানুষকে সেবা দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার গত ৭ জুন কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছান। ওই ফ্লাইটের ১২৯ জন যাত্রীর মধ্যে একমাত্র তাকে পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। করোনাভাইরাস প্রতিরোধ যোদ্ধাদের জন্য তিনি উল্লেখযোগ্য পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে আসেন, সেগুলোও রেখে দেওয়া হয় এবং তা আর ফেরত দেওয়া হয়নি। করোনাযোদ্ধা হওয়ার পরেও তাকে কেন কোয়ারেন্টিনে রাখা হয় সেজন্য আইনি নোটিশও পাঠান তিনি। তবে কোনও কর্তৃপক্ষ তার কথা শোনেনি। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে প্লাজমা দিয়ে তিনি গত ২৪ জুন দেশত্যাগ করেন।







