চার জেলায় বজ্রাঘাতে নিহত ৫

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ জুলাই ২০২০, ০২:১৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ০২:১৭

বজ্রপাত

দেশের চার জেলায় বজ্রাঘাতে শিক্ষার্থীসহ ৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে গাইবান্ধায় দুই কৃষক, মাগুরায় বজ্রঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র, জামালপুরে এক গৃহবধূ, ও যশোরে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নিহত হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

ফুলছড়িতে পাট ধোয়ার সময় বজ্রাঘাতে দুই কৃষক নিহত

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে পাট ধোয়ার সময় বজ্রাঘাতে নূর মোহাম্মদ (৪০) ও লালচান মিয়া (১৮) নামের দুই কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের (ভাটিয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ এরেন্ডারী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে ও লালচান মিয়া একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা জানান, সকালে বৃষ্টির সময় নূর মোহাম্মদ ও লালচান মিয়া বাড়ির পাশের জলাশয়ে পাট ধোয়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রের আঘাতে নূর মোহাম্মদ ও লালচান মিয়া গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

মাগুরায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামে পাট ক্ষেতে কাজ করার সময় সোমবার বিকেলে বজ্রাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম রেজাউল ইসলাম হৃদয় (১৮)। তিনি মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাবার নাম টিপু  বিশ্বাস।

হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র রেজাউল ইসলাম হৃদয় বিকেলে বাড়ির পাশের নিজেদের পাটক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটে। বাজের আঘাতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে  দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সংবাদ পেয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।

জামালপুরে বজ্রাঘাতে গরুসহ নারী নিহত

জামালপুর প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলায় বজ্রাঘাতে গরুসহ রিমা আক্তার অন্তরা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।  সোমবার সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধু ওই এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে ও শাহবাজপুরের মোখলেছুর রহমানের স্ত্রী।

নিহতের ভাই কুটামনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ মোশারফ মিলন জানান, সকাল থেকেই জামালপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সকাল ১১টার দিকে অন্তরা গরু গোয়ালে ওঠানোর জন্য কাছে গেলে তার ওপর বজ্রপাত ঘটে। এতে অন্তরাসহ গরুটি মারা যায়। অন্তরার স্বামী কুমিল্লায় এক এনজিওতে চাকরি করেন। তাদের ঘরে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

 সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মঞ্জু ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে বজ্রাঘাতে স্কুলছাত্রী নিহত

যশোর প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় খালা বাড়ি বেড়াতে এসে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বজ্রাঘাতে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় চৌগাছা উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন রবিউল ইসলাম জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের বাড়িতে আশারন বেড়াতে আসে। সোমবার ১টার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এসময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে প্রাচীরের ওপর থেকে পড়ে যায়। এরপর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার আহমেদ ফয়েজ বিন সাদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে তার গ্রামের স্কুলে ৮ম শ্রেণিতে পড়তো। 

 

/টিএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম