নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক সুবিধা সম্পন্ন ১২০ শয্যার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোভিড হাসপাতাল চালু করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার ও স্বাধীনতা চিকিৎক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন।
হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে দুটি ভেন্টিলেটর, তিনটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট।
বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোভিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।








