সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন সাতক্ষীরা শহরের বাসিন্দা, অপর জনের বাড়ি কলারোয়া উপজেলায়।
সামেক হাসপাতালের করোন ইউনিটের ফোকাল পারসন ও আবাসিক সার্জন ডা. মো. রাশিদুজ্জামান বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তারা করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করতে প্রশাসনকে বলা হয়েছে।
করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাজপাতালে এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনার পজিটিভ ফল এসেছে।
ছবি: সাজ্জাদ হোসেন








