আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন।
জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় আ ন ম শামসুল ইসলামসহ ৬ জন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত জামায়াত নেতারা হলেন আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মো. শফিকুল আলম ও নিজাম উদ্দিন।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার ১০দিন পর ১০ ফেব্রুয়ারি রাতে স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও দুই জামায়াত নেতার নাম উল্লেখ করে আসামি করার পাশাপাশি ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, গত ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে বাদী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি ছবি ভাঙচুর কেন করা হয়েছে জানতে চাইলে আ ন ম শামসুল ইসলাম আমাকে হত্যার হুমকি দেয়।








