করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিনিয়র আইনজীবী মো. নজরুল ইসলাম (৫৭) মারা গেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।
অ্যাডভোকেট নজরুল নবীগঞ্জ উপজেলার বানিউন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন থাকার পর রবিবার তিনি মারা যান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ জানান, তার মৃত্যুর খবর শোনার পর আজ হবিগঞ্জ আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। রবিবার সন্ধ্যা ৭টার সময় তার প্রথম জানাজা স্বাস্থ্যবিধি মেনে কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ডেপুটি সিভিল সার্জন জানান, অ্যাডভোকেট নজরুল ইসলামের লাশ হবিগঞ্জে আসার পর স্বাস্থবিধি মেনে দাফন সম্পন্ন করা হবে।








