চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে নির্যাতনের লোমহর্ষক যে ঘটনা ঘটেছে, তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। শুধু নোয়াখালীর ঘটনাই নয়, গত কয়েক মাসে দেশে ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে।’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
সারাদেশে নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, ‘ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা এই অবৈধ সরকারের আমলে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।’ তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
তিনি বলেন, ‘এখন মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। আজকে এই দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা-বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই।’
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘করোনা মহামারির শুরু থেকেই এই সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নিচ্ছে। আমরা নানা সমস্যার বিষয়ে বারবার বলেছি, কিন্তু সরকার কর্ণপাত করেনি। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা রাতের আঁধারে জোর করে জনগণের ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।’
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা যারা জনগণের ক্ষমতা, গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন– চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, নাজিমুর রহমান, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আলম, ইসকান্দার মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, সম্পাদকবৃন্দ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, হামিদ হোসাইন, জিয়াউদ্দীন খালেদ চৌধুরী, শেখ নুরউল্লাহ বাহার, শহীদুল ইসলাম, আবদুল বাতেন প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।








