ইয়াবা দিয়ে সেলুন একজন মালিক ফাঁসাতে গিয়ে দুই কর্মচারী পুলিশের হাতে ধরা খেয়েছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাদের দুজনকে আটক করে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশ। আটক দুজন হলো- রতন শীল (৪০) ও অজিত শীল (৩৮)।
গ্রেফতার রতন শীল ওআর নিজাম রোডের ইম্পালস সেলুনের কর্মচারী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। অন্যদিকে অজিত শীল কাতালগঞ্জ এলাকার হেয়ার পার্ক সেলুনের কর্মচারী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
শুক্রবার (১৬ অক্টোবর) পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন।
আবুল কাশেম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা রতন শীলকে গ্রেফতার করি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ৫০ পিস ইয়াবা কিনেছে বলে আমাদের কাছে স্বীকার করে। কাজল শীল নামে এক সেলুন মালিককে ফাঁসাতে এসব ইয়াবা কেনার কথা জানায় রতন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অজিত শীলকে গ্রেফতার করি। এরপর তাদের দেওয়া তথ্য অনুসারে কাতালগঞ্জ এলাকার হেয়ার পার্ক সেলুন থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, 'কাজল শীল দীর্ঘদিন ওআর নিজাম রোডের ইম্পালস সেলুনের কর্মচারী ছিল। দুই মাস আগে সে কাতালগঞ্জ এলাকায় হেয়ার পার্ক নামে একটি সেলুন চালু করেন। এতে প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজল শীলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন রতন শীল ও অজিত শীল। পরে পরিকল্পনা অনুযায়ী দুজন বৃহস্পতিবার ৫০ পিস ইয়াবা সংগ্রহ করে। এরপর কাজল শীলের মালিকানাধীন হেয়ার পার্ক সেলুনের কর্মচারী অজিত শীল ইয়াবাগুলো হেয়ার পার্ক সেলুনে কাগজে মুড়িয়ে শ্যাম্পু ব্লেডের পাশে রেখে দেয়।'







